৪/৬. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ১৩৯ - মুযদালিফায় মাগরিব ও ইশা
পূর্ণরূপে উযু করা।
وَقَالَ ابْنُ عُمَرَ إِسْبَاغُ الْوُضُوءِ الْإِنْقَاءُ.ইবন ‘উমার (রাঃ) বলেন, ‘ভালভাবে পরিষ্কার করাই হল পূর্ণরূপে ওযু করা।’
মুযদালিফায় মাগরিব ও ইশা: হজ্জের পথে নবী (صلى الله عليه وسلم)-এর আমল
সহীহ বুখারী : ১৩৯
সহীহ বুখারীহাদিস নম্বর ১৩৯
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، أَنَّهُ سَمِعَهُ يَقُولُ دَفَعَ رَسُولُ اللَّهِ ﷺ مِنْ عَرَفَةَ حَتَّى إِذَا كَانَ بِالشِّعْبِ نَزَلَ فَبَالَ، ثُمَّ تَوَضَّأَ وَلَمْ يُسْبِغِ الْوُضُوءَ. فَقُلْتُ الصَّلاَةَ يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ «الصَّلاَةُ أَمَامَكَ». فَرَكِبَ، فَلَمَّا جَاءَ الْمُزْدَلِفَةَ نَزَلَ فَتَوَضَّأَ، فَأَسْبَغَ الْوُضُوءَ، ثُمَّ أُقِيمَتِ الصَّلاَةُ فَصَلَّى الْمَغْرِبَ، ثُمَّ أَنَاخَ كُلُّ إِنْسَانٍ بَعِيرَهُ فِي مَنْزِلِهِ، ثُمَّ أُقِيمَتِ الْعِشَاءُ فَصَلَّى وَلَمْ يُصَلِّ بَيْنَهُمَا.
উসামা ইবনু যাইদ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহ্র রাসূল (ﷺ) ‘আরাফার ময়দান হতে রওনা হলেন এবং উপত্যকায় পৌঁছে নেমে তিনি পেশাব করলেন। অতঃপর ওজু করলেন কিন্তু উত্তমরূপে ওজু করলেন না। আমি বললাম, ‘হে আল্লাহ্র রাসূল! সালাত আদায় করবেন কি?’ তিনি বললেনঃ ‘সালাতের স্থান তোমার সামনে’। অতঃপর তিনি আবার সওয়ার হলেন। অতঃপর মুযদালিফায় এসে সাওয়ারী থেকে নেমে ওজু করলেন। এবার পূর্ণরূপে ওজু করলেন। তখন সালাতের জন্য ইক্বামাত দেওয়া হল। তিনি মাগরিবের সালাত আদায় করলেন। অতঃপর সকলে তাদের অবতরণস্থলে নিজ নিজ উট বসিয়ে দিল। পুনরায় ‘ইশার ইক্বামাত দেয়া হল। অতঃপর তিনি ‘ইশার সালাত আদায় করলেন এবং উভয় সালাতের মধ্যে অন্য কোন সালাত আদায় করলেন না।
সহীহ বুখারী হাদিস ১৩৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে উসামা ইবনু যায়দ (রাঃ) আরাফা থেকে মুযদালিফা যাওয়ার পথে নবী (صلى الله عليه وسلم)-এর আমল বর্ণনা করেন। তিনি আরাফা থেকে রওনা হয়ে এক উপত্যকায় নেমে পেশাব করলেন এবং ওজু করলেন, তবে পূর্ণভাবে নয়। উসামা (রাঃ) সালাতের কথা বললে তিনি বললেন, সালাতের স্থান সামনে। এরপর মুযদালিফায় এসে তিনি পূর্ণ ওজু করলেন। ইকামত দেওয়া হলে মাগরিব পড়লেন। পরে লোকেরা নিজ নিজ উট বসাল। এরপর ইশার ইকামত হলো এবং তিনি ইশা পড়লেন। দুই সালাতের মাঝে অন্য কোনো সালাত আদায় করেননি। হাদিসটি হজ্জের নির্দিষ্ট দিনে মুযদালিফায় সালাতের পদ্ধতি সম্পর্কে সরাসরি শিক্ষা দেয়। এতে সময়, স্থান এবং নবী (صلى الله عليه وسلم)-এর অনুসরণ—সবই গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হজ্জের আমলে নির্দিষ্ট স্থান ও সময়ের গুরুত্ব আছে।
- মুযদালিফায় নবী (صلى الله عليه وسلم) মাগরিব ও ইশা আদায় করেছেন।
- দুই সালাতের মাঝে অন্য সালাত আদায় করা হয়নি।
- সাহাবীরা নবী (صلى الله عليه وسلم)-এর আমল খুব খুঁটিনাটি দেখে বর্ণনা করেছেন।
