৬৪/৩৬. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৪১৫৭ - হুদাইবিয়ায় কুরবানির পশু ও ইহরাম
হুদাইবিয়ার যুদ্ধ।
وَقَوْلُ اللَّهِ تَعَالَى ﴾لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ﴿.মহান আল্লাহর বাণী: মুমিনগণ যখন গাছের তলে আপনার নিকট বাই‘আত গ্রহণ করল তখন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হলেন ........। (সূরা ফাতহ ৪৮/১৮)"
হুদাইবিয়ার সফরে ইহরাম ও কুরবানির পশু প্রস্তুত করার বর্ণনা
সহীহ বুখারী : ৪১৫৭
সহীহ বুখারীহাদিস নম্বর ৪১৫৭
عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ مَرْوَانَ وَالْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ قَالَا خَرَجَ النَّبِيُّ ﷺ عَامَ الْحُدَيْبِيَةِ فِيْ بِضْعَ عَشْرَةَ مِائَةً مِنْ أَصْحَابِهِ فَلَمَّا كَانَ بِذِي الْحُلَيْفَةِ قَلَّدَ الْهَدْيَ وَأَشْعَرَ وَأَحْرَمَ مِنْهَا لَا أُحْصِيْ كَمْ سَمِعْتُهُ مِنْ سُفْيَانَ حَتَّى سَمِعْتُهُ يَقُوْلُ لَا أَحْفَظُ مِنْ الزُّهْرِيِّ الإِشْعَارَ وَالتَّقْلِيْدَ فَلَا أَدْرِيْ يَعْنِيْ مَوْضِعَ الإِشْعَارِ وَالتَّقْلِيْدِ أَوِ الْحَدِيْثَ كُلَّهُ.
মারওয়ান ও মিসওয়ার ইবনু মাখরামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁরা উভয়ই বলেছেন যে, হুদাইবিয়াহর বছর নবী (ﷺ) এক সহস্রাধিক সাহাবীকে সঙ্গে নিয়ে মদিনা থেকে বের হলেন। যুল-হুলাইফাহ্[১]তে পৌঁছে তিনি কুরবানীর পশুর গলায় কিলাদা বাঁধলেন, পশুর কুজ কাটলেন এবং সেখান থেকে ইহরাম বাঁধলেন। (বর্ণনাকারী) বলেন, এ হাদীস সুফ্ইয়ান থেকে কয় দফা শুনেছি তার সংখ্যা আমি গণনা করতে পারছি না। পরিশেষে তাঁকে বলতে শুনেছি, যুহরী থেকে কুরবানীর পশুর গলায় কিলাদা বাঁধা এবং ইশআর করার কথা আমার স্মরণ নেই।রাবী ‘আলী ইবনু ‘আবদুল্লাহ বলেন, সুফ্ইয়ান এ কথা বলে কী বোঝাতে চেয়েছেন তা আমি জানি না। তিনি কি এ কথা বলতে চেয়েছেন যে, যুহরী থেকে ইশআর ও কিলাদা করার কথা তাঁর স্মরণ নেই, নাকি সম্পূর্ণ হাদীসটি স্মরণ না থাকার কথা বলতে চেয়েছেন?
[১] মাদীনাহ বা এদিক হতে আগত ব্যক্তিগণের হাজ্জ ও ‘উমরাহর জন্য ইহরাম বাঁধার মীকাত।
সহীহ বুখারী হাদিস ৪১৫৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে মারওয়ান ও মিসওয়ার ইবনু মাখরামা (রাঃ) থেকে বর্ণিত, হুদাইবিয়ার বছর নবী (صلى الله عليه وسلم) এক সহস্রাধিক সাহাবিকে সঙ্গে নিয়ে মদীনা থেকে বের হন। যুল-হুলাইফায় পৌঁছে তিনি কুরবানির পশুর গলায় কিলাদা বাঁধেন, পশুর কুঁজ কাটেন এবং সেখান থেকেই ইহরাম বাঁধেন। এরপর বর্ণনাকারী বলেন, তিনি সুফইয়ান থেকে এ হাদিস বহুবার শুনেছেন; শেষে সুফইয়ান বলেন, যুহরী থেকে ইশআর ও কিলাদার অংশ তাঁর স্মরণ নেই। এখানে মূল বিষয় ইহরাম ও কুরবানির পশুর প্রস্তুতি। একই সঙ্গে বর্ণনার স্মরণ ও সতর্কতার কথাও আছে। হাদিসটি শেখায়, আমল যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বর্ণনা করার সময় স্মৃতির সীমা স্বীকার করাও সততার অংশ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হুদাইবিয়ার সফরে নবী (صلى الله عليه وسلم) যুল-হুলাইফা থেকে ইহরাম বাঁধেন।
- কুরবানির পশুকে কিলাদা ও ইশআর করার বর্ণনা এসেছে।
- হাদিস বর্ণনায় স্মৃতির সীমা থাকলে তা বলা সততার অংশ।
- ধর্মীয় তথ্য বর্ণনায় সতর্কতা রাখা জরুরি।
