৯৭/৩১. অধ্যায়ঃ
আল্লাহর ইচ্ছা ও চাওয়া।
আল্লাহর বাণী: “তোমরা ইচ্ছা করবে না যদি না আল্লাহ ইচ্ছা করেন।” (সূরা আদ-দাহর ৭৬/৩০)। আল্লাহর বাণী: “তুমি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করো।” (সূরা আল-ইমরান ৩/২৬)। কোনো বিষয় সম্পর্কে কখনো বোলো না যে, ‘ওটা আমি আগামীকাল করব’—‘আল্লাহ ইচ্ছে করলে’ বলা ছাড়া। (সূরা আল-কাহাফ ১৮/২৩-২৪)। আল্লাহর বাণী: “তুমি যাকে ভালোবাস তাকে সৎপথ দেখাতে পারবে না, বরং আল্লাহই যাকে চান সৎ পথে পরিচালিত করেন।” (সূরা আল-ক্বাসাস ২৮/৫৬)। সা‘ঈদ ইবনুল মুসাইয়্যাব (রহ.) তাঁর পিতা মুসাইয়্যাব থেকে বলেন, উক্ত আয়াত আবূ ত্বালিব সম্পর্কে অবতীর্ণ হয়েছে। আল্লাহর বাণী: “আল্লাহ তোমাদের জন্য যা সহজ তা চান এবং যা তোমাদের জন্য কষ্টকর তা চান না।” (সূরা আল-বাক্বারা ২/১৮৫)
সহিহ বুখারী : ৭৪৭৯
সহিহ বুখারীহাদিস নম্বর ৭৪৭৯
أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ وَقَالَ أَحْمَدُ بْنُ صَالِحٍ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَالَ نَنْزِلُ غَدًا إِنْ شَاءَ اللهُ بِخَيْفِ بَنِي كِنَانَةَ حَيْثُ تَقَاسَمُوا عَلَى الْكُفْرِ يُرِيدُ الْمُحَصَّبَ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমরা আগামীকাল বনী কিনানা উপত্যকায় অবস্থান করব ইনশাআল্লাহ, যেখানে কাফিররা কুফরির উপর দৃঢ় থাকার শপথ নিয়েছিল। তিনি (এ কথার দ্বারা) মহাস্সাবকে উদ্দেশ্য করছিলেন।
আধুনিক প্রকাশনী- ৬৯৬১, ইসলামিক ফাউন্ডেশন- ৬৯৭১
