৯৭/৪৬. অধ্যায়ঃ
আল্লাহর বাণী: হে রসুল! তোমার প্রতিপালকের নিকট থেকে যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে তা প্রচার কর, যদি না কর তাহলে তুমি তাঁর বার্তা পৌঁছানোর দায়িত্ব পালন করলে না। (সূরা আল-মায়িদা ৫/৬৭)
যুহরী (রহ.) বলেন, আল্লাহর পক্ষ থেকে হচ্ছে বার্তা পাঠানো, আর রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দায়িত্ব হলো পৌঁছে দেওয়া (মানুষের কাছে), আর আমাদের দায়িত্ব হলো মেনে নেওয়া। আল্লাহ বলেন: “রাসূলগণ তাঁদের প্রতিপালকের বাণী পৌঁছে দিয়েছেন কি না তা জানার জন্য—” (সূরা জ্বিন ৭২/২৮)। তিনি আরও বলেন: “আমি তোমাদের কাছে আল্লাহর বার্তাসমূহ পৌঁছে দিচ্ছি।” কাব ইবনু মালিক (রাঃ) যখন নবী (ﷺ)-এর সঙ্গে (তাবূক যুদ্ধ) থেকে পেছনে রয়ে গেলেন, তখন আল্লাহ বলেন: “আল্লাহ তো তোমাদের কাজকর্ম দেখবেন এবং তাঁর রাসূল ও মু’মিনগণও—” (সূরা আত-তাওবাহ ৯/১০৫)। ‘আয়িশা (রাঃ) বলেন, কারো ভালো কাজে তোমাকে আনন্দিত করলে বলো, ‘আমল করো, তোমার এ আমল আল্লাহ, আল্লাহর রাসূল ও সমস্ত মু’মিন দেখবেন।’ আর তোমাকে কেউ যেন বিচলিত করতে না পারে।মা’মার (রহ.) বলেন, ذَلِكَ الْكِتَابُ এর অর্থ এ কুরআন, هُدًى لِلْمُتَّقِينَ এর অর্থ বর্ণনা করা ও পথ দেখানো। আল্লাহর এ বাণীর মতো ذَلِكُمْ حُكْمُ اللَّهِ এর অর্থ এটি আল্লাহর হুকুম। لَا رَيْبَ এর অর্থ এতে কোনো সন্দেহ নেই। تِلْكَ آيَاتٌ অর্থাৎ এগুলো কুরআনের নিদর্শন। এর দৃষ্টান্ত আল্লাহরই বাণী: “যখন তোমরা নৌকায় অবস্থান করো আর চলতে থাকে সেগুলো তাদের নিয়ে।” এখানে بِهِمْ এর অর্থ بِكُمْ অর্থাৎ তোমাদের নিয়ে। আনাস (রাঃ) বলেন, নবী (ﷺ) তাঁর মামা হারামকে তাঁর কওমের কাছে পাঠালেন। তিনি সেখানে গিয়ে বললেন, তোমরা আমাকে বিশ্বাস করো কি? আমি আল্লাহর রাসূল (ﷺ)-এর বার্তা পৌঁছে দিচ্ছি। এই বলে তিনি তাদের সঙ্গে কথা বলতে লাগলেন।
সহিহ বুখারী : ৭৫৩০
সহিহ বুখারীহাদিস নম্বর ৭৫৩০
الْفَضْلُ بْنُ يَعْقُوبَ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ الرَّقِّيُّ حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدِ اللهِ الثَّقَفِيُّ حَدَّثَنَا بَكْرُ بْنُ عَبْدِ اللهِ الْمُزَنِيُّ وَزِيَادُ بْنُ جُبَيْرِ بْنِ حَيَّةَ عَنْ جُبَيْرِ بْنِ حَيَّةَ قَالَ الْمُغِيرَةُ أَخْبَرَنَا نَبِيُّنَا صلى الله عليه وسلم عَنْ رِسَالَةِ رَبِّنَا أَنَّهُ مَنْ قُتِلَ مِنَّا صَارَ إِلَى الْجَنَّةِ
মুগীরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমাদের নবী (ﷺ) আমাদেরকে আমাদের রবের বার্তা সম্পর্কে জানিয়েছেন যে, আমাদের মধ্য থেকে যে নিহত হবে, সে জান্নাতে চলে যাবে।
আধুনিক প্রকাশনী- ৭০১১, ইসলামিক ফাউন্ডেশন- ৭০২২
