৭/১. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৭৯০ - বারীরাহ (রাঃ), ওয়ালা ও বাতিল শর্ত
ক্রয় বিক্রয়ের শর্তাবলী ও তার নিষিদ্ধ বিষয় - শরীয়ত সম্মত সকল শর্তের বৈধতা এবং এছাড়া অন্য সকল শর্ত বাতিল বলে গন্য হওয়া
বারীরাহ (রাঃ)-এর ঘটনা: ওয়ালার অধিকার ও বাতিল শর্ত
বুলুগুল মারাম : ৭৯০
বুলুগুল মারামহাদিস নম্বর ৭৯০
وَعَنْ عَائِشَةَ -رَضِيَ اللَّهُ عَنْهَا- قَالَتْ: جَاءَتْنِي بَرِيرَةُ, فَقَالَتْ: كَاتَبْتُ أَهْلِي عَلَى تِسْعٍ أُوَاقٍ, فِي كُلِّ عَامٍ أُوقِيَّةٌ, فَأَعِينِينِي. فَقُلْتُ: إِنْ أَحَبَّ أَهْلُكِ أَنْ أَعُدَّهَا لَهُمْ وَيَكُونَ وَلَاؤُكِ لِي فَعَلْتُ, فَذَهَبَتْ بَرِيرَةُ إِلَى أَهْلِهَا. فَقَالَتْ لَهُمْ; فَأَبَوْا عَلَيْهَا, فَجَاءَتْ مِنْ عِنْدِهِمْ, وَرَسُولُ اللَّهِ - ﷺ - جَالِسٌ. فَقَالَتْ: إِنِّي قَدْ عَرَضْتُ ذَلِكَ عَلَيْهِمْ فَأَبَوْا إِلَّا أَنْ يَكُونَ الْوَلَاءُ لَهُمْ, فَسَمِعَ النَّبِيُّ - ﷺ - فَأَخْبَرَتْ عَائِشَةُ النَّبِيَّ - ﷺ -. فَقَالَ: «خُذِيهَا وَاشْتَرِطِي لَهُمُ الْوَلَاءَ, فَإِنَّمَا الْوَلَاءُ لِمَنْ أَعْتَقَ» فَفَعَلَتْ عَائِشَةُ, ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ - ﷺ - فِي النَّاسِ [خَطِيبًا], فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ. ثُمَّ قَالَ: «أَمَّا بَعْدُ, مَا بَالُ رِجَالٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ - عز وجل - مَا كَانَ مِنْ شَرْطٍ لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَهُوَ بَاطِلٌ, وَإِنْ كَانَ مِائَةَ شَرْطٍ, قَضَاءُ اللَّهِ أَحَقُّ, وَشَرْطُ اللَّهِ أَوْثَقُ, وَإِنَّمَا الْوَلَاءُ لِمَنْ أَعْتَقَ». مُتَّفَقٌ عَلَيْهِ, وَاللَّفْظُ لِلْبُخَارِيِّوَعِنْدَ مُسْلِمٍ فَقَالَ: اشْتَرِيهَا وَأَعْتِقِيهَا وَاشْتَرِطِي لَهُمُ الْوَلَاءَ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
বারীরাহ (রাঃ) আমার কাছে এসে বলল, আমি আমার মালিক পক্ষের সাথে নয় উকিয়া দেয়ার শর্তে মুকাতাবা [৮৪০] করেছি- প্রতি বছর যা হতে এক উকিয়া করে দিতে হবে। আপনি (এ ব্যাপারে) আমাকে সাহায্য করুন। আমি বললাম, যদি তোমার মালিক পক্ষ পছন্দ করে যে, আমি তাদের একবারেই তা পরিশোধ করব এবং তোমার ওয়ালা-এর অধিকার আমার হবে, তবে আমি তা করব।তখন বারীরাহ (রাঃ) তার মালিকদের নিকট গিয়ে তা বলল। তারা তাতে অস্বীকৃতি জানাল। বারীরাহ (রাঃ) তাদের নিকট হতে (আমার কাছে) এল। আর তখন আল্লাহর রাসূল (ﷺ) সেখানে উপস্থিত ছিলেন। সে বলল, আমি (আপনার) সে কথা তাদের কাছে পেশ করেছিলাম। কিন্তু তারা নিজেদের জন্য ওয়ালার অধিকার সংরক্ষণ ছাড়া রাযী হয়নি। নবী (ﷺ) শুনলেন, ‘আয়িশা (রাঃ) নবী (ﷺ)-কে তা সবিস্তারে জানালেন। তিনি বললেন, তুমি তাকে নিয়ে নাও এবং তাদের জন্য ওয়ালার শর্ত মেনে নাও। কেননা, ওয়ালা এর হক তারই, যে আযাদ করে। ‘আয়িশা (রাঃ) তাই করলেন।এরপর আল্লাহর রাসূল (ﷺ) জনসমক্ষে দাঁড়িয়ে আল্লাহর হাম্দ ও সানা বর্ণনা করলেন। তারপর বললেন, লোকদের কী হলো যে, তারা আল্লাহর বিধান বহির্ভূত শর্তারোপ করে। আল্লাহর বিধানে যে শর্তের উল্লেখ নেই, তা বাতিল বলে গণ্য, একশত শর্ত করলেও না। আল্লাহর ফায়সালাই সঠিক, আল্লাহর শর্তই সুদৃঢ়। ওয়ালার হক তো তারই, যে মুক্ত করে।শব্দ বিন্যাস বুখারীর। মুসলিমে আছে- নবী (ﷺ) আয়িশা (রাঃ)-কে বললেন, তাকে কিনে নাও, তাদের জন্য অলা-র শর্ত কর। [৮৪১]
[৮৪০] বুখারী ৪৫৬, ১৪৯৩, ২১৫৫, ২৫৩৬, ২৫৬১, মুসলিম ১৫০৪, তিরমিযী ১২৫৬, আবূ দাউদ ৩৯২৯, ইবনু মাজাহ ৩৮৫৩, মুওয়াত্তা মালেক ১৫১৯। নিজের দাস-দাসীকে কোন কিছুর বিনিময়ে আযাদ করার চুক্তিকে মুকাতাবা বলে।[৮৪১] 'অলা' অর্থ মুক্তির পর দাস দাসীর সঙ্গে মুক্তিদাতার আত্মীয়তা সুলভ সম্পর্ক ও মিরাস লাভের অধিকার।
বুলুগুল মারাম হাদিস ৭৯০-এর সারসংক্ষেপ
এই হাদিসে বারীরাহ (রাঃ)-এর মুকাতাবা, সাহায্য এবং ওয়ালার অধিকার নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এসেছে। তিনি ‘আয়িশা (রাঃ)-এর কাছে সাহায্য চান। ‘আয়িশা (রাঃ) পুরো টাকা পরিশোধ করতে চান, তবে ওয়ালার অধিকার তাঁর হবে—এ কথা বলেন। মালিকপক্ষ ওয়ালা নিজেদের জন্য রাখতে চায়। তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, বারীরাহকে কিনে নিতে এবং তাদের জন্য শর্ত মেনে নিতে; কারণ ওয়ালা তারই, যে মুক্ত করে। পরে তিনি লোকদের সামনে বলেন, আল্লাহর বিধানে নেই এমন শর্ত বাতিল, একশত শর্ত হলেও। এই হাদিসে চুক্তির শর্ত, মুকাতাবা, দাস মুক্তি এবং ওয়ালার অধিকার—সবই এসেছে। মূল শিক্ষা হলো, মানুষের করা শর্ত আল্লাহর বিধানের বিরুদ্ধে হলে তা গ্রহণযোগ্য নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ওয়ালার অধিকার তার, যে মুক্ত করে।
- আল্লাহর বিধানের বাইরে শর্ত করলে তা বাতিল।
- চুক্তিতে শর্ত থাকলেও তা ন্যায়সঙ্গত হতে হবে।
- সমাজের ভুল চর্চা জনসমক্ষে সংশোধন করা যেতে পারে।
