৪/২৪. অধ্যায়ঃ
পুণ্যের পথ অনেক
আল্লাহ তাআলা বলেন, (আরবি)অর্থাৎ, তোমরা যে কোন সৎকাজ কর না কেন, আল্লাহ তা সম্যকরূপে অবগত। (সূরা বাক্বারা ২১৫ আয়াত) তিনি আরো বলেন,(আরবি)অর্থাৎ, তোমরা যে সৎকাজ কর, আল্লাহ তা জানেন। (সূরা বাক্বারা ১৯৭ আয়াত) তিনি আরো বলেন,(আরবি)অর্থাৎ, কেউ অণুপরিমাণ সৎকর্ম করে থাকলেও সে তা দেখতে পাবে। (সূরা যিললাল ৭ আয়াত) তিনি আরো বলেন,(আরবি)অর্থাৎ, যে সৎকাজ করে, সে নিজ কল্যাণের জন্যই তা করে। (সূরা জাষিয়াহ ১৫ আয়াত) এ বিষয়ে আয়াত অনেক রয়েছে এবং হাদীসও অগণিত রয়েছে। তার মধ্যে কিছু আমরা বর্ণনা করব।
হাদিস সম্ভার : ৪৯২
হাদিস সম্ভারহাদিস নম্বর ৪৯২
وَعَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ لَقدْ رَأيْتُ رَجُلاً يَتَقَلَّبُ في الجَنَّةِ في شَجَرَةٍ قَطَعَهَا مِنْ ظَهْرِ الطَرِيقِ كَانَتْ تُؤذِي المُسْلِمِينَ رواه مسلم وفي رواية مَرَّ رَجُلٌ بِغُصْنِ شَجَرَةٍ عَلَى ظَهرِ طَرِيقٍ فَقَالَ : وَاللهِ لأُنْحِيَنَّ هَذَا عَن المُسْلِمينَ لاَ يُؤذِيهِمْ فَأُدخِلَ الجَنَّةَ وفي رواية لهما بَيْنَمَا رَجُلٌ يَمْشي بِطَريقٍ وَجَدَ غُصْنَ شَوكٍ عَلَى الطريقِ فأخَّرَه فَشَكَرَ اللهُ لَهُ فَغَفَرَ لَهُ
উক্ত আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “আমি এক ব্যক্তিকে জান্নাতে ঘোরাফেরা করতে দেখলাম। যে (পৃথিবীতে) রাস্তার মধ্য হতে একটি গাছ কেটে সরিয়ে দিয়েছিল, যেটি মুসলিমদেরকে কষ্ট দিচ্ছিল।”অন্য এক বর্ণনায় আছে, “এক ব্যক্তি রাস্তার উপর পড়ে থাকা একটি গাছের ডালের পাশ দিয়ে পার হল। সে বলল, ‘আল্লাহর কসম! আমি এটিকে মুসলিমদের পথ থেকে অবশ্যই সরিয়ে দেব, যাতে তাদেরকে কষ্ট না দেয়’। সুতরাং তাকে (এর কারণে) জান্নাতে প্রবেশ করানো হল”।বুখারী-মুসলিমের আর এক বর্ণনায় আছে, “একদা এক ব্যক্তি রাস্তা চলছিল। সে রাস্তার উপর একটি কাঁটাদার ডাল দেখতে পেল। অতঃপর সে তা সরিয়ে দিল। আল্লাহ তাআলা তার এই আমল কবুল করলেন এবং তাকে ক্ষমা ক’রে দিলেন।” (মুসলিম ৬৮৩৫-৬৮৩৮নং)
