৬/৪. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৮৪২-[৬] - লোভহীন সম্পদে বারাকাত
যার জন্য কিছু চাওয়া হালাল নয় এবং যার জন্য হালাল - প্রথম অনুচ্ছেদ
লোভহীন সম্পদে বারাকাতের শিক্ষা
মিশকাতুল মাসাবীহ : ১৮৪২-[৬]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৮৪২-[৬]
وَعَنْ حَكِيْمِ بْنِ حِزَامٍ قَالَ: سَأَلَتْ رَسُولَ اللّهِ ﷺ فَأَعْطَانِىْ ثُمَّ سَأَلْتُه فَأَعْطَانِىْ ثُمَّ قَالَ لِىْ: «يَا حَكِيْمُ إِنَّ هذَا الْمَالَ خَضِرٌ حُلْوٌ فَمَنْ أَخَذَه بِسَخَاوَةِ نَفْسٍ بُورِكَ لَه فِيهِ وَمَنْ أَخَذَه بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَه فِيهِ. وَكَانَ كَالَّذِىْ يَأْكُلُ وَلَا يَشْبَعُ وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِّنَ الْيَدِ السُّفْلى». قَالَ حَكِيمٌ: فَقُلْتُ: يَا رَسُولَ اللّهِ وَالَّذِىْ بَعَثَكَ بِالْحَقِّ لَا أَرْزَأُ أَحَدًا بَعْدَكَ شَيْئًا حَتّى أُفَارِقَ الدُّنْيَا. (مُتَّفَقٌ عَلَيْهِ)
হাকীম ইবনু হিযাম (রাঃ) হতে বর্ণিতঃ
একবার আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে চাইলাম। তিনি আমাকে কিছু দিলেন। আমি পুনরায় চাইলে তিনি আবার দিলেন। তারপর তিনি আমাকে বললেন, হে হাকীম! এ মাল সবুজ সতেজ ও মিষ্ট (অর্থাৎ দেখতে সুন্দর, হৃদয়কে তৃপ্তি দেয়)। তাই যে ব্যক্তি এ মাল হাত না পেতে ও লোভ-লালসা ছাড়া পায় তাতে বারাকাত দান করা হয়। আর যে ব্যক্তি তা হাত পেতে লোভ লালসা দিয়ে অর্জন করে তাতে বারাকাত দেয়া হয় না। তার অবস্থা ওই ব্যক্তির মতো, যে খাবার খায় কিন্তু পেট ভরে না। (মনে রাখবে) উপরের হাত অর্থাৎ দানকারীর হাত নীচের হাত (দান গ্রহণকারীর হাত) হতে অনেক উত্তম।হাকীম (রাঃ) বলেন, আমি (তখন) বললাম, হে আল্লাহর রাসূল! ওই সত্তার কসম, যিনি আপনাকে সত্যের বাণী দিয়ে পাঠিয়েছেন। আজ থেকে আমি মৃত্যু পর্যন্ত কারো মাল থেকে কিছু কামনা করব না। মৃত্যু পর্যন্ত কখনো কারো কাছে কিছু চাইব না। (বুখারী,মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ১৪৭২, ৬১৪৩, মুসলিম ১০৩৫, আত্ তিরমিযী ২৪৬৩, নাসায়ী ২৬০৩, আহমাদ ১৫৫৭৪, দারিমী ২৭৯২, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭৮৭৩, সহীহ আত্ তারগীব ৮১২, সহীহ আল জামি‘ আস্ সগীর ২২৫০।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৮৪২-[৬]-এর সারসংক্ষেপ
এই হাদিসে হাকীম ইবনু হিযাম রাঃ-এর ঘটনার মাধ্যমে সম্পদ গ্রহণের আদব শেখানো হয়েছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাকে দিয়েছেন, কিন্তু পরে সতর্ক করেছেন যে সম্পদ দেখতে সুন্দর ও মিষ্ট মনে হয়। মানুষ সহজেই তার প্রতি আকৃষ্ট হয়। কিন্তু যে ব্যক্তি হাত না পেতে, লোভ না করে কোনো সম্পদ পায়, তার জন্য এতে বারাকাত হয়। আর যে লোভ নিয়ে, আকাঙ্ক্ষা বাড়িয়ে সম্পদ নেয়, তার মধ্যে বারাকাত থাকে না। তার অবস্থা এমন মানুষের মতো, যে খায় কিন্তু পেট ভরে না। এই হাদিসে আরও বলা হয়েছে, উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। অর্থাৎ দান করা গ্রহণ করার চেয়ে মর্যাদাপূর্ণ। হাকীম রাঃ এরপর মানুষের কাছে কিছু না চাওয়ার দৃঢ় সিদ্ধান্ত নেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- লোভহীনভাবে পাওয়া সম্পদে বারাকাতের আশা করা যায়।
- লোভ নিয়ে সম্পদ চাইলে তৃপ্তি আসে না।
- দানকারীর হাত গ্রহণকারীর হাতের চেয়ে উত্তম।
- আত্মসম্মান ধরে রাখতে মানুষের কাছে চাওয়া থেকে বাঁচার চেষ্টা করা উচিত।
