৬/৪. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৮৫০-[১৪] - কার জন্য হাত পাতা বৈধ
যার জন্য কিছু চাওয়া হালাল নয় এবং যার জন্য হালাল - দ্বিতীয় অনুচ্ছেদ
কার জন্য হাত পাতা বৈধ, কার জন্য নয়
মিশকাতুল মাসাবীহ : ১৮৫০-[১৪]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১৮৫০-[১৪]
وَعَنْ حُبْشِيِّ بْنِ جُنَادَةَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «إِنَّ الْمَسْأَلَةَ لَا تَحِلُّ لِغَنِيٍّ وَلَا لِذِىْ مِرَّةٍ سَوِيٍّ إِلَّا لِذِىْ فَقْرٍ مُدْقِعٍ أَوْ غُرْمٍ مُفْظِعٍ وَمَنْ سَأَلَ النَّاسَ لِيُثْرِيَ بِه مَالَه: كَانَ خُمُوشًا فِي وَجْهِه يَوْمَ الْقِيَامَةِ وَرَضْفًا يَأْكُلُه مِنْ جَهَنَّمَ فَمَنْ شَاءَ فَلْيُقِلَّ وَمَنْ شَاءَ فَلْيُكْثِرْ». رَوَاهُ التِّرْمِذِيُّ
হুবশী ইবনু জুনাদাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ কারো কাছে কিছু চাওয়া ধনী, সুস্থ সবল ও সুস্থ অঙ্গ-প্রত্যঙ্গ সম্পন্ন লোকের জন্য হালাল নয়। তবে ঐ ফকিরের জন্য তা হালাল, যে ক্ষুধা পিপাসার কারণে মাটিতে পড়ে গেছে। এভাবে ওই ঋণগ্রস্ত ব্যক্তির জন্যও হাত পাতা হালাল যে ভারী ঋণের বোঝায় জর্জরিত। মনে রাখবে যে ব্যক্তি শুধু সম্পত্তি বাড়াবার জন্য মানুষের কাছে ঋণ চায়, তার এ চাওয়া কিয়ামতের দিন আহতের চিহ্নরূপে তার মুখে ভেসে উঠবে। তাছাড়াও জাহান্নামে তার খাদ্য হিসেবে গরম পাথর দেয়া হবে। অতএব যার ইচ্ছা সে কম হাত পাতুক অথবা বেশী হাত পাতুক। (তিরমিযী) [১]
[১] য‘ঈফ : তবে إِنَّ الْمَسْأَلَةَ..... অংশটুকু সহীহ। আবূ দাঊদ ১৬৪১, ইবনু মাজাহ্ ২১৯৮, আহমাদ ১২১৩৪, ইরওয়া ৮৬৭। কারণ এর সানাদে আবূ বাকর আল হানাফী একজন মাজহূল রাবী।
মিশকাতুল মাসাবীহ হাদিস ১৮৫০-[১৪]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم স্পষ্ট করেছেন যে ধনী, সুস্থ-সবল এবং অঙ্গ-প্রত্যঙ্গ সম্পন্ন ব্যক্তির জন্য মানুষের কাছে চাওয়া হালাল নয়। তবে দুই ধরনের অবস্থার কথা বলা হয়েছে যেখানে হাত পাতার সুযোগ আছে: এমন ফকির, যে তীব্র ক্ষুধা-পিপাসায় পড়ে গেছে; এবং এমন ঋণগ্রস্ত ব্যক্তি, যে ভারী ঋণের বোঝায় জর্জরিত। এরপর হাদিসে সতর্ক করা হয়েছে, কেউ যদি শুধু সম্পদ বাড়ানোর জন্য মানুষের কাছে চায়, তবে কিয়ামতের দিন তা তার মুখে ক্ষতের চিহ্ন হবে এবং জাহান্নামের গরম পাথর তার খাদ্য হবে। তাই চাওয়া কখনো সম্পদ বাড়ানোর পথ নয়। এটি শুধু কঠিন প্রয়োজনের ক্ষেত্রে সীমিত সুযোগ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ধনী ও সক্ষম মানুষের জন্য মানুষের কাছে চাওয়া বৈধ নয়।
- তীব্র অভাব বা ভারী ঋণের ক্ষেত্রে হাত পাতার ছাড় আছে।
- সম্পদ বাড়ানোর উদ্দেশ্যে চাওয়া কঠিন সতর্কতার বিষয়।
- প্রয়োজন ছাড়া চাওয়া থেকে নিজেকে বাঁচানো দরকার।
