১৭/২. অধ্যায়ঃ
মদ পানের দণ্ডবিধি - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৬২১-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৬২১-[৮]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِرَجُلٍ قَدْ شربَ الخمرَ فَقَالَ: «اضْرِبُوهُ» فَمِنَّا الضَّارِبُ بِيَدِهِ وَالضَّارِبُ بِثَوْبِهِ وَالضَّارِبُ بِنَعْلِهِ ثُمَّ قَالَ: «بَكِّتُوهُ» فَأَقْبَلُوا عَلَيْهِ يَقُولُونَ: مَا اتَّقَيْتَ اللَّهَ مَا خَشِيتَ اللَّهَ وَمَا اسْتَحْيَيْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ بَعْضُ الْقَوْمِ: أَخْزَاكَ اللَّهُ. قَالَ: لَا تَقُولُوا هَكَذَا لَا تُعِينُوا عَلَيْهِ الشَّيْطَانَ وَلَكِنْ قُولُوا: اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ . رَوَاهُ أَبُو دَاوُد
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন জনৈক ব্যক্তিকে রাসূলুল্লাহ (ﷺ)- এর নিকট আনা হলো, যে মদ পান করেছে। তখন তিনি (ﷺ) বললেন, তোমরা তাকে প্রহার করো। সুতরাং আমাদের কেউ তাকে হাত দ্বারা, কেউ চাদর দ্বারা, কেউ জুতার দ্বারা প্রহার করল। অতঃপর তিনি (ﷺ) বললেন : এরূপ কাজের জন্য তোমরা তাকে নিন্দা ও ভর্ৎসনা করো। সুতরাং লোকেরা তার সম্মুখপানে তিরস্কার করতে বলল, তুমি কি আল্লাহকে ভয় কর না, তোমার কি আল্লাহর ‘আযাবের ভয় নেই। তুমি এরূপ অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে আসতে লজ্জাবোধ হলো না? অতঃপর জনৈক ব্যক্তি বলল, আল্লাহ তোমাকে হেয় ও লাঞ্ছিত করুক। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন : এরূপ বলো না (বদ্দোয়া করো না)। এরূপ বলে তার ওপর শায়ত্বনকে প্রাধান্য দিও না; বরং তোমরা এভাবে বলো- হে আল্লাহ! তাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ! তার প্রতি রহম করো।
[১] সহীহ : আবূ দাঊদ ৪৪৭৭।
