২৫/৩৪. অধ্যায়ঃ
তামাত্তু’, কিরান ও ইফরাদ হজ্জ করা এবং যার সঙ্গে কুরবানির জন্তু নেই তার জন্য হজ্জের ইহরাম পরিত্যাগ করা।
সহিহ বুখারী : ১৫৬৮
সহিহ বুখারীহাদিস নম্বর ১৫৬৮
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا أَبُو شِهَابٍ قَالَ قَدِمْتُ مُتَمَتِّعًا مَكَّةَ بِعُمْرَةٍ فَدَخَلْنَا قَبْلَ التَّرْوِيَةِ بِثَلاَثَةِ أَيَّامٍ فَقَالَ لِي أُنَاسٌ مِنْ أَهْلِ مَكَّةَ تَصِيرُ الآنَ حَجَّتُكَ مَكِّيَّةً فَدَخَلْتُ عَلَى عَطَاءٍ أَسْتَفْتِيهِ فَقَالَ حَدَّثَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللهِ أَنَّهُ حَجَّ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ سَاقَ الْبُدْنَ مَعَهُ وَقَدْ أَهَلُّوا بِالْحَجِّ مُفْرَدًا فَقَالَ لَهُمْ أَحِلُّوا مِنْ إِحْرَامِكُمْ بِطَوَافِ الْبَيْتِ وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ وَقَصِّرُوا ثُمَّ أَقِيمُوا حَلاَلاً حَتَّى إِذَا كَانَ يَوْمُ التَّرْوِيَةِ فَأَهِلُّوا بِالْحَجِّ وَاجْعَلُوا الَّتِي قَدِمْتُمْ بِهَا مُتْعَةً فَقَالُوا كَيْفَ نَجْعَلُهَا مُتْعَةً وَقَدْ سَمَّيْنَا الْحَجَّ فَقَالَ افْعَلُوا مَا أَمَرْتُكُمْ فَلَوْلاَ أَنِّي سُقْتُ الْهَدْيَ لَفَعَلْتُ مِثْلَ الَّذِي أَمَرْتُكُمْ وَلَكِنْ لاَ يَحِلُّ مِنِّي حَرَامٌ حَتَّى يَبْلُغَ الْهَدْيُ مَحِلَّهُ فَفَعَلُوا قَالَ أَبُو عَبْد اللهِ أَبُو شِهَابٍ لَيْسَ لَهُ مُسْنَدٌ إِلاَّ هَذَا
আবূ শিহাব (রহঃ) হতে বর্ণিতঃ
আমি উমরাহর ইহরাম বেঁধে হজ্জে তামাত্তুর নিয়্যতে তারবিয়াহ দিবস (আট তারিখ)-এর তিন দিন পূর্বে মক্কায় প্রবেশ করলাম, মক্কাবাসী কিছু লোক আমাকে বললেন, “এখন তোমার হজ্জের কাজ মক্কা হতে শুরু হবে।” আমি বিষয়টি জানার জন্য আতা (রহঃ)-এর নিকট উপস্থিত হলাম। তিনি বললেন, “জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) আমাকে বলেছেন, যখন নবী (ﷺ) কুরবানির উট সঙ্গে নিয়ে হজ্জে আসেন তখন তিনি তাঁর সঙ্গে ছিলেন।সাহাবীগণ ইফরাদ হজ্জের নিয়্যাতে শুধু হজ্জের ইহরাম বাঁধেন। কিন্তু নবী (ﷺ) (মক্কায় পৌঁছে) তাঁদেরকে বললেন: “বাইতুল্লাহর তাওয়াফ ও সাফা-মারওয়ার সাঈ সমাধা করে তোমরা ইহরাম ভঙ্গ করে হালাল হয়ে যাও এবং চুল ছোট কর। এরপর হালাল অবস্থায় থাক। যখন যিলহজ্জ মাসের আট তারিখ হবে তখন তোমরা হজ্জের ইহরাম বেঁধে নিবে, আর যে ইহরাম বেঁধে এসেছ তা তামাত্তু হজ্জের উমরাহ বানিয়ে নিবে।”সাহাবীগণ বললেন, “এ ইহরামকে আমরা কিরূপে উমরাহর ইহরাম বানাব? আমরা হজ্জের নাম নিয়ে ইহরাম বেঁধেছি।” তখন তিনি বললেন: “আমি তোমাদেরকে যা আদেশ করছি তাই কর। কুরবানির পশু সঙ্গে নিয়ে না আসলে তোমাদেরকে যা করতে বলছি, আমিও সেরূপ করতাম। কিন্তু কুরবানি করার পূর্বে (ইহরামের কারণে) নিষিদ্ধ কাজ (আমার জন্য) হালাল নয়।” সাহাবীগণ সেরূপ পশু যবহ করলেন।আবু আবদুল্লাহ (রহঃ) বলেন, আবু শিহাব (রহঃ) হতে মারফু বর্ণনা মাত্র এই একটিই পাওয়া যায়।
(১৫৫৭) (আঃপ্রঃ ১৪৬৫, ইঃফাঃ ১৪৭১)
