২৫/১২. অধ্যায়ঃ
ঠাট্টা ও কৌতুক প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৮৯১-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৮৯১-[৮]
وَعَن النعمانِ بن بشيرٍ قَالَ: اسْتَأْذَنَ أَبُو بَكْرٍ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَمِعَ صَوْتَ عَائِشَةَ عَالِيًا فَلَمَّا دَخَلَ تَنَاوَلَهَا لِيَلْطِمَهَا وَقَالَ: لَا أَرَاكِ تَرْفَعِينَ صَوْتَكِ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم يحجزه وَأَبُو بَكْرٍ مُغْضَبًا. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ خَرَجَ أَبُو بَكْرٍ: «كَيْفَ رَأَيْتِنِي أَنْقَذْتُكِ مِنَ الرَّجُلِ؟» . قَالَتْ: فَمَكَثَ أَبُو بَكْرٍ أَيَّامًا ثُمَّ اسْتَأْذَنَ فَوَجَدَهُمَا قَدِ اصْطَلَحَا فَقَالَ لَهُمَا: أَدْخِلَانِي فِي سِلْمِكُمَا كَمَا أَدْخَلْتُمَانِي فِي حَرْبِكُمَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ فَعَلْنَا قَدْ فَعَلْنَا» . رَوَاهُ أَبُو دَاوُدَ
নু'মান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আবূ বাক্ব (রাঃ) নবী (ﷺ)- এর ঘরে প্রবেশের অনুমতি চাইলেন, তখনই তিনি ‘আয়িশাহ (রাঃ)-এর সুউচ্চ কণ্ঠস্বর শুনতে পেলেন। যখন তিনি ঘরে প্রবেশ করলেন, ‘আয়িশাহ্ (রাঃ)-কে চড় মারার অভিপ্রায়ে তাঁর হাত ধরে ফেললেন এবং বললেন : সাবধান! ভবিষ্যতে যেন তোমাকে কখনো রাসূলুল্লাহ (ﷺ)-এর স্বরের চেয়ে উচ্চৈঃস্বরে কথা বলতে না শুনি। তখন নবী (ﷺ) আবূ বাক্ (রাঃ)-কে থামাতে এবং শান্ত করতে চেষ্টা করতে লাগলেন। অতঃপর রাগান্বিতভাবেই আবূ বাক্ (রাঃ) বের হয়ে চলে গেলেন।যখন আবূ বাক্ (রাঃ) চলে গেলেন তখন নবী (ﷺ) বললেন : লোকটার হাত থেকে তোমাকে কিভাবে বাঁচালাম দেখলে? রাবী বর্ণনা করেন যে, এ ঘটনার পর কয়েকদিন আবূ বাক্ (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসেননি। অতঃপর একদিন তিনি উপস্থিত হয়ে প্রবেশের অনুমতি চাইলেন এবং ঘরে প্রবেশ করে দেখলেন, তিনি (ﷺ) ও ‘আয়িশাহ্ (রাঃ) উভয়েই পারস্পরিক সমঝোতার পরিবেশে রয়েছেন। তখন আবূ বাক্ (রাঃ) উভয়কে লক্ষ্য করে বললেন : যেভাবে তোমরা আমাকে তোমাদের যুদ্ধের অংশীদার করেছিলে, সেভাবে তোমাদের সন্ধি ও সমঝোতায়ও অংশীদার করো। তখন নবী (ﷺ) বললেন : আমরা তা-ই করলাম। আমরা তা-ই করলাম।
[১] হাসান লিগয়রিহী : আবূ দাঊদ ৪৯৯৯, নাসায়ী’র কুবরা ৪৮৯৫, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৯০১।
