২৪/৮০. অধ্যায়ঃ
মুহরিম ব্যক্তির হাসি দেখে যদি কোনো হালাল ব্যক্তি শিকার দেখে এবং তা শিকার করে তাহলে মুহরিম ব্যক্তি তা আহার করবে কিনা?
সুনানে নাসাঈ : ২৮২৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৮২৫
أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ فَضَالَةَ بْنِ إِبْرَاهِيمَ النَّسَائِيُّ، قَالَ: أَنْبَأَنَا مُحَمَّدٌ وَهُوَ ابْنُ الْمُبَارَكِ الصُّورِيُّ، قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ وَهُوَ ابْنُ سَلَّامٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي قَتَادَةَ، أَنَّ أَبَاهُ، أَخْبَرَهُ أَنَّهُ غَزَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزْوَةَ الْحُدَيْبِيَةِ، قَالَ: فَأَهَلُّوا بِعُمْرَةٍ غَيْرِي، فَاصْطَدْتُ حِمَارَ وَحْشٍ، فَأَطْعَمْتُ أَصْحَابِي مِنْهُ وَهُمْ مُحْرِمُونَ، ثُمَّ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَنْبَأْتُهُ أَنَّ عِنْدَنَا مِنْ لَحْمِهِ فَاضِلَةً، فَقَالَ: «كُلُوهُ» وَهُمْ مُحْرِمُونَ
ইয়াহ্ইয়া ইবন আবূ কাসীর (রহঃ) হতে বর্ণিতঃ
ইয়াহিয়া ইবনু আবু কাসীর (রহঃ) বলেন, আবদুল্লাহ ইবনু আবু কাতাদাহ (রহঃ) আমার কাছে বর্ণনা করেছেন, তাঁর পিতা তাঁকে জানিয়েছেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে হুদায়বিয়ার যুদ্ধে ছিলেন। তিনি বললেন: আমি ছাড়া সকলেই উমরার ইহরাম বেঁধে ছিলেন। আমি একটি বন্য গাধা শিকার করলাম এবং তা থেকে আমার সাথীদেরকে খাওয়ালাম। অথচ তাঁরা মুহরিম ছিলেন। তারপর রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে তাঁকে জানালাম যে, এর উদ্বৃত্ত গোশত আমাদের নিকট রয়েছে। তিনি (ﷺ) বললেন: তোমরা খাও। অথচ তারা সকলেই মুহরিম ছিলেন।
