১৮/২৮৫. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ২/১৬২১ - সদকা ফিরিয়ে নেওয়ার নিষেধ
উপহার বা দানের বস্তু ফেরৎ নেওয়া অপছন্দনীয় কাজ
যে দানের বস্তু গ্রহীতাকে আদৌ অর্পণ করা হয়নি, তা ফেরৎ নেওয়া অ-পছন্দনীয়। আর নিজ সন্তানদেরকে কোন কিছু দান করার পর---তা তাদের হাতে তুলে দেওয়া হোক আর না হোক---তা পুনরায় ফেরৎ নেওয়া অবৈধ। অনুরূপভাবে সদকা, যাকাত বা কাফফারাস্বরূপ কোন বস্তু কাউকে দেওয়ার পর তার নিকট থেকে দাতার সরাসরি খরিদ করা অপছন্দনীয়। তবে হ্যাঁ, গ্রহীতার নিকট থেকে যদি তা অন্য কারো কাছে হস্তান্তরিত হয়, তবে তা ক্রয় করলে কোন ক্ষতি নেই।
সদকা ফিরিয়ে নেওয়া কেন নিন্দনীয়
রিয়াদুস সালেহীন : ২/১৬২১
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/১৬২১
وَعَنْ عُمَرَ بنِ الخَطَّابِ رضي الله عنه قَالَ: حَمَلْتُ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللهِ فَأَضَاعَهُ الَّذِي كَانَ عِندَهُ، فَأَرَدْتُ أَنْ أَشْتَرِيَهُ، وَظَنَنْتُ أَنَّهُ يَبِيعُهُ بِرُخْصٍ، فَسَأَلْتُ النَّبِيَّ ﷺ، فَقَالَ: لاَ تَشْتَرِهِ وَلاَ تَعُدْ فِي صَدَقَتِكَ وَإِنْ أَعْطَاكَهُ بِدِرْهَمٍ؛ فَإِنَّ العَائِدَ فِي صَدَقَتِهِ كَالعَائِدِ فِي قَيْئِهِ
উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, ’আমার একটি ঘোড়া ছিল, যা আমি আল্লাহর রাস্তায় [ব্যবহারের জন্য এক মুজাহিদকে] দান করলাম। যার কাছে এটা ছিল, সে এটাকে নষ্ট করে দিল। [অর্থাৎ যথোচিত যত্ন করতে না পারলে ঘোড়াটি রুগ্ন বা দুর্বল হয়ে পড়ল]। ফলে আমি তা কিনে নিতে চাইলাম এবং আমার ধারণা ছিল যে, সে সেটি সস্তা দামে বিক্রি করবে। [এ সম্পর্কে] আমি নবী (ﷺ)-কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, ’’তুমি তা ক্রয় করো না এবং তোমার [দেওয়া] সাদকাহ ফিরিয়ে নিয়ো না; যদিও সে তোমাকে তা এক দিরহামের বিনিময়ে দিতে চায়। কেননা, দান করে ফেরত গ্রহণকারী ব্যক্তি, বমি করে পুনর্ভক্ষণকারীর মত।’’(বুখারী ও মুসলিম)[১]
সহীহুল বুখারী ২৬২৩, ১৪৯০, ২৬৩৬, ২৯৭০, ৩০০৩, মুসলিম ১৬২০, তিরমিযী ৬৬৮, নাসায়ী ২৬১৫, ২৬১৬, আবূ দাউদ ১৫৯৩, ইবনু মাজাহ ২৩৯০, ২৩৯২, আহমাদ ১৬৭, ২৬০, ২৮৩, ৩৮৬, মুওয়াত্তা মালিক ৬২৪, ৬২৫
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
রিয়াদুস সালেহীন হাদিস ২/১৬২১-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় সদকা ও দানের আদব। উমার (রাঃ) আল্লাহর পথে ব্যবহারের জন্য একটি ঘোড়া দান করেছিলেন। পরে যার কাছে ঘোড়াটি ছিল, তার অবহেলায় সেটি দুর্বল হয়ে যায়। তখন উমার (রাঃ) মনে করলেন, হয়তো তিনি সেটি সস্তায় কিনতে পারবেন। কিন্তু নবী (صلى الله عليه وسلم) তাকে স্পষ্টভাবে নিষেধ করলেন। তিনি বললেন, দান করা জিনিস কিনো না এবং নিজের সাদকাহ ফিরিয়ে নিও না, দাম এক দিরহাম হলেও না। এখানে শিক্ষা হলো, দান আল্লাহর জন্য হলে সেটি ছেড়ে দিতে হয়। পরে নিজের দানের দিকে লোভ নিয়ে ফিরে তাকানো দানের সৌন্দর্য নষ্ট করে। হাদিসে দান ফিরিয়ে নেওয়াকে বমি করে আবার তা খাওয়ার মতো ঘৃণিত উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। তাই সদকা, দান ও আল্লাহর রাস্তায় খরচ করার ক্ষেত্রে মন পরিষ্কার রাখা জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর পথে দান করার পর তা ফেরত নেওয়ার চেষ্টা করা উচিত নয়।
- দান করা জিনিস সস্তায় পেলেও নিজের জন্য কিনে নেওয়া থেকে বিরত থাকা নিরাপদ।
- সদকা এমন আমল, যেখানে লোভ ও ব্যক্তিগত লাভের চিন্তা রাখা ঠিক নয়।
- দান করার পর সেটিকে আল্লাহর জন্য ছেড়ে দেওয়ার মানসিকতা রাখা দরকার।
