১২/১৯. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ১২৩৪ - ঋণ-বিক্রয়, দুই শর্ত ও দায়হীন মুনাফা নিষেধ
যে জিনিস আয়ত্তে নেই তার অগ্রিম ক্রয়-বিক্রয় নিষিদ্ধ
ঋণ ও বিক্রয় একত্র নয়—দায়, মুনাফা ও মালিকানার হাদিস
জামে‘ আত-তিরমিযী : ১২৩৪
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১২৩৪
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَيُّوبُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ شُعَيْبٍ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِيهِ، حَتَّى ذَكَرَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ «لاَ يَحِلُّ سَلَفٌ وَبَيْعٌ وَلاَ شَرْطَانِ فِي بَيْعٍ وَلاَ رِبْحُ مَا لَمْ يُضْمَنْ وَلاَ بَيْعُ مَا لَيْسَ عِنْدَكَ» . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .قَالَ أَبُو عِيسَى حَدِيثُ حَكِيمِ بْنِ حِزَامٍ حَدِيثٌ حَسَنٌ قَدْ رُوِيَ عَنْهُ مِنْ غَيْرِ وَجْهٍ . رَوَى أَيُّوبُ السَّخْتِيَانِيُّ وَأَبُو بِشْرٍ عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ . قَالَ أَبُو عِيسَى وَرَوَى هَذَا الْحَدِيثَ عَوْفٌ وَهِشَامُ بْنُ حَسَّانَ عَنِ ابْنِ سِيرِينَ عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ عَنِ النَّبِيِّ ﷺ . وَهَذَا حَدِيثٌ مُرْسَلٌ إِنَّمَا رَوَاهُ ابْنُ سِيرِينَ عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ .
‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ঋণ ও বিক্রয় একত্রে জায়িয নয় এবং দুই প্রকারের শর্তও বিক্রয়ের ক্ষেত্রে জুড়ে দেয়া জায়িয নয়, মুনাফা গ্রহণও জায়িয নয় যতক্ষণনা লোকসানের দায়িত্ব না নেয়া হয়, তোমার আয়ত্তে নেই এমন বস্তু বিক্রয় করাও জায়িয নয়।
আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্। একাধিক সূত্রে হাকীম (রাঃ)-এর বর্ণিত হাদীসটি বর্ণিত আছে। আইয়ূব সাখতিয়ানী ও আবূ বিশর বর্ণনা করেছেন, ইউসুফ ইবনু মাহিক হতে, তিনি হাকীম ইবনু হিযাম হতে। আউফ এবং হিশাম ইবনু হাস্সান বর্ণনা করেছেন, ইবনু সীরীন হতে, তিনি হাকীম ইবনু হিযাম হতে, তিনি নাবী (ﷺ) হতে। এর পরবর্তী বর্ণনাটি মুরসাল। প্রকৃত পক্ষে ইবনু সীরীন বর্ণনা করেছেন, আইয়ুব সাখতিয়ানী হতে, তিনি ইউসুফ ইবনু মাহাক হতে, তিনি হাকীম ইবনু হিযাম হতে।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১২৩৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে ব্যবসার কয়েকটি গুরুত্বপূর্ণ সীমা একসঙ্গে বলা হয়েছে। প্রথমত, ঋণ ও বিক্রয়কে এমনভাবে একত্র করা যাবে না, যাতে একটি আরেকটির সঙ্গে বাঁধা থাকে। দ্বিতীয়ত, এক বিক্রয়ের মধ্যে দুই ধরনের শর্ত জুড়ে দেওয়া যাবে না। তৃতীয়ত, যে পণ্যের লোকসানের দায় নেওয়া হয়নি, সেই পণ্যে মুনাফা নেওয়া যাবে না। চতুর্থত, নিজের কাছে বা অধিকারে নেই এমন বস্তু বিক্রি করা যাবে না। এসব নির্দেশের কেন্দ্রবিন্দু হলো দায়িত্ব ও স্বচ্ছতা। লাভ নিতে হলে সংশ্লিষ্ট দায়ও গ্রহণ করতে হবে। বিক্রয়ের মূল্য, শর্ত এবং পণ্যের মালিকানা পরিষ্কার থাকতে হবে। ইসলামি ব্যবসার নিয়ম শুধু লাভের হিসাব নয়; কে ঝুঁকি নিচ্ছে, কার মালিকানা আছে এবং চুক্তি কীভাবে হচ্ছে—এসবও বিবেচনা করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঋণ ও বিক্রয়কে শর্তযুক্তভাবে একত্র করা যাবে না।
- এক বিক্রয়ে দুই শর্ত যোগ করা নিষিদ্ধ।
- লোকসানের দায় না নিয়ে মুনাফা নেওয়া যাবে না।
- নিজের অধিকারে নেই এমন পণ্য বিক্রি করা যাবে না।
